বাংলা ভাষা
– গোলাম মোস্তফা
মোদের সোনার বাংলা ভাষা
সকল ভাষার চাইতে খাসা।
প্রাণের চেয়ে প্রিয় সে যে
সবার চেয়ে ভালবাসা।।
এই ভাষারি পীযূষ মুখে
নয়ন মেলি মায়ের বুকে,
হাসি কাঁদি সুখে-দুঃখে,
মিটাই মনের সাধ-পিয়াসা।।
এই ভাষাতেই স্বপন দেখি,
এই ভাষাতেই লেখন লেখি।
ফুলের বুকে গন্ধ যেমন—
বাংলা ভাষা মোদের তেমন,
এই ভাষাতেই শেষের শয়ন
পাই যেন, এই মনের আশা।।






