আলোর ভোর – ফজলুর রহমান

আলোর ভোর - ফজলুর রহমান

আলোর ভোর
– ফজলুর রহমান

ওই বুঝিরে
ঘোর কেটেছে ভোর এসেছে ওই।
ডালিম ডালে
ডাকছে পাখি কইরে তোরা কই?
মিনার হতে
আযান হাঁকে রফিক মুয়াজ্জিন
পূব গগনে
আলোর পরী বাজায় সোনার বীন।
দুব্বা ঘাসে
ঝিলিক লেগে দুলছে নোলক দুল
কাজল কালো
দীঘির জলে হাসছে কুমুদ ফুল।
শিউলি তলে
শিরীন মেয়ে আলতা রাঙা পায়,
কুড়ায় ঝরা-
ফুলের রাজি ভোরে আদুল গায়।
পাল তুলে দে
গাঙের মাঝি বসলো গিয়ে নায়,
বৌ-ঝিয়েরা
কলসী কাঁখে জলকে চলে যায়।
আকাশ ছেপে
ভুবন ব্যেপে আসলো আলোর ভোর,
জাগরণের
উঠলো সাড়া খুলরে তোরা দোর।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top