ঈদের চাঁদ – ডক্টর হরগোপাল বিশ্বাস

ঈদের চাঁদ - ডক্টর হরগোপাল বিশ্বাস

ঈদের চাঁদ
– ডক্টর হরগোপাল বিশ্বাস

সে আজ অনেক দিন-
কার্তিক শেষে ছোট্ট নদীটি হয়ে আসে সবে ক্ষীণ।
এপারে পড়েছে চর,-
সকালে বিকালে বেড়াই সেখানে লয়ে কত সহচর।
নদীতীরে কাশফুল-
শ্বেত শাড়ী-পরা পরীদল ব’লে হয় যেন মনে ভুল।
সে দিন সকাল বেলা-
আকাশ জুড়িয়া জমেছিল মেঘ বিজলি করেছে খেলা।
খানিক ফর্সা হ’লে,
বিকাল বেলায় সাথীদের নিয়ে চরেতে গেলাম চলে।
খেলায় ছিলাম ভুলে-
সহসা দেখিনু গাঁয়ের সকলে জুটেছে নদীর কূলে।
পশ্চিম দিক পানে-
নির্বাক হয়ে চেয়ে আছে সবে ব্যাকুলতা-ভরা প্রাণে।
ছোট রাঙা মেঘ ভাসে-
তারই এক পাশে রূপালী রেখায় চাঁদের ফালিটি হাসে।
যে আগে দেখিতে পায়-
খুশি ভরা মনে পাশের জনেরে বলে, “ঐ দেখা যায়।”
যে দেখে ধন্য মানে-
দেখিতে না পেলে ঈদের চন্দ্র বড় ব্যথা জাগে প্রাণে।
মোদের গহর চাচা-
না দেখিয়া চাঁদ আপসোসে বলে, “বৃথাই জীবনে বাঁচা।”
অনেকেই তার মত-
চেয়ে চেয়ে চেয়ে না দেখিতে পেয়ে বিলাপ করিল কত।
তাদের মুখের ছবি-
আঁকেনি শিল্পী তুলির রেখায় লেখে নাই কোনও কবি।
আমার মনের খাতা-
বিষাদ-করুণ সে সব ছবিতে ভরেছে কয়েক পাতা।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top