ছুটি – কালিদাস রায়

ছুটি - কালিদাস রায়

ছুটি
– কালিদাস রায়

ছুটির খবর এসেছে আজ নীল আকাশের পথে।
ও ভাই ছুটি-ছুটি-ছুটি।
আয়না চোখে দেখ না ওকে অরুণ আলোর রথে
সোনা ছড়ায় মুঠি মুঠি।

তরুলতার পাখির নীড়ে, হর্ষে জড়াজড়ি
সারং বাজছে বনে বনে,
নূতন নূতন পোশাক পরে মেঘ-আকাশের পরী
কেমন সাজছে ক্ষণে ক্ষণে।
খবর আসার আগেই এলো গুপ্ত সুড়ং ধরি
ছুটি আজ যে মনে মনে,
কে জানালো ফুল কলিদের, ফুটল কানন ভরি
যারা করত ফুটি-ফুটি-
ও ভাই ছুটি-ছুটি-ছুটি।

কোনা হতে আয় বেরিয়ে সোনা কুড়াই ভাই,
আয় গাঁয়ের মাঠে মাঠে,
বাতাবি-বন মাতাবি কে?
শিউলি বোঁটা চাই?
আর বনের বাটে বাটে।
ঢেউয়ের তালে দুলব আজি, কলার ভেলা বাই,
আয় নদীর ঘাটে ঘাটে,
কাশের বনে হাঁসের সনে কণ্ঠ ছেড়ে গাই,
আয় করব লুটোপুটি
ও ভাই ছুটি-ছুটি-ছুটি।

চাই না মোরা পায়ে জুতো- চাই না মাথায় ছাতা,
বনে ঘুরব ছায়ে ছায়ে,
সাঁতার কেটে দীঘির জলে মুছব না আজ মাখা,
রোদে শুকাক্ বায়ে বায়ে।
আয় না সবাই -দেখ না ও ভাই কে এই অরুণ-রখে সোনা ছড়ায় মুঠি মুঠি।
ছুটির খবর পেয়েছি আজ নীল আকাশের পথে
ও ভাই করব ছুটোছুটি।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top