সন্ধ্যা – শাহাদাৎ হোসেন

সন্ধ্যা - শাহাদাৎ হোসেন

সন্ধ্যা
– শাহাদাৎ হোসেন

দিনের আলোক রেখা মিলায়েছে দূরে
নেমে আসে সন্ধ্যা ধীরে ধরণীর পুরে।
তিমির ফেলেছে ছায়া,
ঘিরে আসে কালো মায়া,
প্রান্তর-কানন-গিরি পল্লী বাট মাঠ
একাকার হয়ে আসে আকাশ বিরাট।

থেমে আসে রাখালের বেণুর রাগিণী
বিহঙ্গের কুহু-কেকা, মানস-হারিণী।
কোলাহল কলরব নীরব হয়েছে সব,
আঁধার নদীর শুধু মৃদু কলগান,
জাগে শুধু সুদূরের স্বপন সমান।

শান্তির পরশ লাগি নত হয় মন
পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন।
এই শুচি শান্তি মাঝে
আজি এ নীরব সাঁঝে
তাঁহারি উদ্দেশ্যে মোরা নত করি শির
দয়ার পয়োধি যিনি স্রষ্টা ধরণীর।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top