একটি সোনার ছবি
– সৈয়দ আলী আহসান

কখনও আকাশ
সেখানে অনেক
হাসিখুশি ভরা তারা,
কখনও সাগর
যেখানে স্রোতের
তরঙ্গ দিশাহারা।

কখনও পাহাড়
যেখানে পাথর
চিরদিন জেগে থাকে,
কখনও বা মাঠে
যেখানে ফসল
সবুজের ঢেউ আঁকে।

কখনও বা পাখি
শব্দ ছড়ায়
গাছের পাতার ডালে,
যে সব শব্দ
অনেকে শুনেছে
কোনও এক দূরকালে।

সব কিছু নিয়ে
আমাদের দেশ
একটি সোনার ছবি,
যে দেশের কথা
কবিতা ও গানে
লিখেছে অনেক কবি।

এ দেশকে নিয়ে
আমার গর্ব
প্রত্যহ চিরদিন,
দেশের জন্য
সবকিছু দিয়ে
বাঁচব রাত্রিদিন।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top