দোষ যদি হয়
– সুনির্মল বসু
খুব ভোরে আজ ঘুম ভেঙে গেল, তাই তাড়াতাড়ি উঠে,
কি জানি কি ভেবে দোর খুলে আমি, বাহিরে গেলাম ছুটে।
মাচায় ঝোলানো লোহার খাঁচাটি খুলিয়া দিলাম ধীরে, উড়ায়ে দিলাম ভোরের আলোয় পোষা সে ময়নাটিরে।
বনের ময়না বনে উড়ে গেছে, মাগো, তার কথা ভোল,
আমাদের তাতে ক্ষতি নাই কিছু, ওর ঢের লাভ হল।
তখনো রোদের ঝাঁঝ ঝরে নাই, দেখিলাম আঁখি মেলে,
দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে ফেরে দুখীদের এক ছেলে।
গায়ে জামা নাই কেঁপে মরে তাই পউষের হিম বায়ে,
আমার গায়ের চাদর খানিরে জড়ালাম তার গায়ে।
দুখীর ছেলেরে চাদর দিয়েছি, মাগো সেই কথা শোন,
আমার চাদর দুইখানি আছে, ওর কাছে নাই কোন।
মাগো ভাবি নাই আগুপিছু—
দোষ যদি হয় মাথা পেতে নেব—শাস্তি যা দেবে কিছু।






