শরতে
– শেখ ফজলুল করিম

ফুল কুল, তুল তুল, গা’ভেজা শিশিরে;
বুলবুল মশগুল কার গান গাহিরে।
তড়্ বড় উঠে’পড় রাত ভোর দেখ না,
হাত তুলে প্রাণ খুলে, স্রষ্টারে ডাক না।
ঝাঁক ঝাঁক মৌচাকে মৌমাছি বিহরে,
কলিগুলি দুলি’ দুলি’ স্বপনেতে শিহরে।
ঝিকমিক্ দশদিক নাই পিক্ পাপিয়া,
সাদা বক্ চক্ চক্ উড়ে যায় ডাকিয়া।।
বিল্ ঝিল্ খিল খিল্ লাল নীল বরণে;
গাছে গাছে ফিঙ্গে নাচে চঞ্চল চরণে।
ভেজা ভেজা তাজা তাজা শেফালীর সুবাসে
শিশুদল কোলাহল করে নানা হরষে।
কাশবন শন শন বেণু বাজে পাথারে,
লঘু মেঘ ধরি বেগ ভেসে যায় পাহাড়ে।
বুটিদার জরিপাড় শ্যাম শাড়ী অঙ্গে,
এলোকেশে এল হেসে শরৎ এ বঙ্গে।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top