মোটকু মাইতি
– কাজী নজরুল ইসলাম
মোটকু মাইতি, বাঁটকুল রায়,
ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়।
বেঁটে-খাটো নিটপিটে পায়,
ছেতরে চলে, কেতরে চায়।
মোটকু মাইতি, বাঁটকুল রায়।
পায়ে পায়ে গোবদা বুট আর পট্টি,
গড়াইয়া চলে যেন গাঁটরি ও মোটটি।
হনলুলু সুরে গায় গান উদভুট্টি,
হাঁটি হাঁটি পা-পা ডাইনে বাঁয়।
মোটকু মাইতি, বাঁটকুল রায়।
রাস্তায় তেড়ে এল এঁড়ে এক দামড়া,
ঢুস করে বাঁটকুর ছড়ে গেল চামড়া।
মোটকুর চোখ ভয়ে হয়ে গেল আমড়া,
সে উলটিয়ে সাত পাক ডিগবাজি খায়।
মোটকু মাইতি, বাঁটকুল রায়।






