মামার বাড়ি
– সুনির্মল বসু
বাগানের ফল খেতে খোকা ভালবাসে,
তাই তো সে ছুটে ছুটে মামাবাড়ি আসে।
মামাদের বাগানেতে পাকে ফল কত,
তাই খেয়ে খোকামণি খুশি রীতিমত।
মৌমাছি নাচি নাচি ঘুরে ফুলে ফলে,
তাই দেখে খোকাখুকু আনন্দেতে দোলে।
আতা আর আম জাম পাকে গাছে গাছে,
তাই দেখে খোকামণি হাত তুলে নাচে।
ডালিম, বেদানা, কলা, আনারস, লিচু,
মামার বাগানে নাহি বাদ যায় কিছু।
গাব আছে, ডাব আছে, আছে জামরুল,
চোরদের সাজা দিতে আছে ভীমরুল।
কাঁঠাল, বাতাবি লেবু, শসা ও পেয়ারা,
এই ফল খেয়ে তার ফিরেছে চেহারা!
আমাদের খুকুরানী আদুরে সে ভারি
খেতে ভালবাসে রোজ তাজা তরকারি।
মামাদের মাঠে কত তরকারি ফলে,
তারি লোভে খোকামণি মামাবাড়ি চলে।
বেগুন, গাজর, কপি, লাউ আর মুলো,
ফলে রয় তাজা তাজা তরকারিগুলো।
সেইসব খোকাখুকু খেতে ভালবাসে,
তারি লোভে রোজ রোজ মামাবাড়ি আসে।






