কাজের ছেলে
– যোগীন্দ্রনাথ সরকার
“দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দৈ,
দুটি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।”
পথে হেঁটে চলি, মনে মনে বলি
পাছে হয় ভুল,
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়
ছিঁ’ড়ে দেবে চুল।
“দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দৈ,
দুটি পাকা বেল, সরিষার তেল,
ডিমভরা কৈ।”
বাহবা! বাহবা! ভোলা ভুতো হাবা-
খেলিছে তো বেশ,
দেখিব খেলাতে, কে হারে কে জেতে
কেনা হ’লে শেষ।
“দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দুটি পাকা তেল,
সরিষার কৈ।”
ঐ তো ওখানে ঘুরি ধ’রে টানে,
ঘোষদের ননী,
আমি যদি পাই তা হলে উড়াই
আকাশে এখনি!
“দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দুটি পাকা দৈ,
মসুরের চাল, চিনি-পাতা ডাল,
সরিষার কৈ!”
এসেছি দোকানে, কিনি এইখানে
যতকিছু পাই;
মা যাহা বলেছে ঠিক মনে আছে,
তাতে ভুল নাই!
“দাদখানি বেল, মসুরির তেল,
সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটি পাকা ডাল,
ডিম-ভরা দৈ।”






