চুরির ফল
– শ্রীপতি প্রসন্ন ঘোষ
আমড়া গাছের ঝোপের ভিতর
মৌমাছিদের বাসা,
মাঝখানে তার প্রকাণ্ড এক
চাক রয়েছে খাসা।
তাই না দেখে শিয়াল মশাই
মধু খাওয়ার তরে,
সেই পথে তে সকাল বিকাল
আনাগোনা করে।
রাত্রিবেলা মৌমাছি সব
ঘুমিয়ে আছে জানা,
একদিন তাই রাতে শিয়াল
মৌচাকে দেয় হানা।
যেমনি পড়া, মৌমাছি সব
বেজায় রকম তেড়ে-
উঠলো বলে- রাত দুপুরে
ঘরের ভেতর কে রে ?
চুরি করে মধু খাওয়ার
ফলটা দেখাই তবে।
এইনা ভেবে চোঁর বেচারার
পরল ঘাড়ে সবে।
হূলের জ্বালায় ঝালাপালা ,
প্রানটা রাখা ভার।
কাঁতর হয়ে বলে শিয়াল ,
ছাড় না রে ভাই ছাড়।
পথ ভুলে ভাই এসেছিলাম
আমড়া গাছের কাছে ,
তাই না হলে হেথায় আসে
এমন গাধাও আছে ?






